বগুড়ায় মেডিক্যালের ছাত্রী হলে চুরি
নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২১:২৩
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ছাত্রী হলে চুরির ঘটনার প্রতিবাদে এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে গতকাল শনিবার ক্যাম্পাসে মানববন্ধন ও ঢাকা -বগুড়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কলেজের ছাত্রী হোস্টেলের তৃতীয় তলায় দুইটি কক্ষে চুরির ঘটনা ঘটে। এসময় তিনটি ল্যাপটপ, ৪টি মোবাইলসহ স্বর্ণালংকার খোয়া যায়। এ ব্যাপারে পুলিশ দ্রুত ব্যবস্থা না নেয়ায় আন্দোলনে নামেন তারা।
শনিবার সকাল সাড়ে ১০টায় ক্লাস বর্জন করে মেডিক্যালের শিক্ষার্থীরা প্রথমে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন । এরপর তারা দীর্ঘদিন বন্ধ থাকা হাসপাতালের জরুরি বিভাগের সামনের ফটক খুলে ফেলেন। বেলা সাড়ে ১১ টায় শিক্ষার্থীরা মেডিক্যাল কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মাঝে সীমানা প্রাচীর নির্মাণ, নৈশ প্রহরীর সংখ্যা বৃদ্ধি, বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ এবং জরুরি বিভাগের সামনে বন্ধ রাখা ফটক পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। পরে কলেজের অধ্যক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।