মঠবাড়িয়ায় ডায়রিয়া স্যালাইন সংকট
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২১:২৪
প্রচণ্ড তাপদাহ ও বিশুদ্ধ পানির অভাবে পিরোজপুরের মঠবাড়িয়ায় ডায়রিয়ার ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ঐ হাসপাতালে শিশু-কিশোরসহ ডায়রিয়ায় আক্রান্ত ২৮ জন রোগী ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডায়রিয়া রোগীর যথেষ্ট চাপ থাকলেও হাসপাতালে খাবার স্যালাইনের সংকট রয়েছে। মজুদ যা আছে তাও প্রচণ্ড তাপে গলে খাবার অনুপযোগী হয়ে যাচ্ছে। এছাড়া পুশ স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানান রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম জানান, কয়েক দিনের ভ্যাপসা গরম ও বিশুদ্ধ পানির সংকটে লোকজন খাল, ডোবা, নালার পানি পান করায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিত্সা দেয়া হচ্ছে।