আগৈলঝাড়ায় নবজাতককে মাটি চাপা দেয়ার ঘটনায় আটক ৩
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২২:৩০
বরিশালের আগৈলঝাড়ায় মাটিচাপা দেয়া নবজাতককে জীবিত উদ্ধারের একদিন পর ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গতকাল শনিবার সকালে তিন মহিলাকে আটক করে পুলিশ। এর আগে শিশুটির বাবা-মায়ের পরিচয় জানা গেছে।
আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মাদারীপুর জেলার কালকিনী উপজেলার ভাউতলী গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী মাহমুদার সাথে তার বড় বোনের দেবর শামীমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এক পর্যায়ে মাহমুদা গর্ভবতী হয়ে পড়লে শামীম তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ কারণে লোকলজ্জার ভয়ে মা মনোয়ারা বেগম মাহমুদাকে নিয়ে সন্তান প্রসবের জন্য রাংতা গ্রামে আত্মীয়ের বাড়িতে আসেন।গত বৃহস্পতিবার শিশুটি ভূমিষ্ঠ হলে তাকে হত্যা করার জন্য রাংতা-চেঙ্গুটিয়া রাস্তার পার্শ্বে মোবাশ্বের বেপারীর গমক্ষেতে জীবন্ত মাটি চাপা দেয়া হয়। গতকাল মাহমুদাকে আটক করা হলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।