যারা কংগ্রেসের দোষ ধরে তারাই দুর্নীতিবাজ :সোনিয়া
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:২৫
ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, যারা কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তারাই গভীর দুর্নীতিতে নিমজ্জিত। গতকাল শনিবার উত্তরপ্রদেশের আমেথিতে ছেলে রাহুল গান্ধীর নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এই মন্তব্য করেন সোনিয়া। তিনি দুর্নীতি ইস্যুতে বিরোধী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। খবর এনডিটিভির।
সোনিয়া বলেন, গান্ধীর এই কর্মভূমি আমেথিতে রাহুল গান্ধী কঠোর পরিশ্রম করছেন এবং মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন। তিনি স্বীকার করেন যে, এই এলাকার মানুষও রাহুল এবং প্রিয়াংকাকে স্নেহ ভালবাসা দিয়ে আগলে রাখার জন্যই এটা সম্ভব হয়েছে। এই প্রথমবার নির্বাচনী প্রচারে তিনি প্রিয়াংকা গান্ধীর নাম উচ্চারণকরলেন। দলের একটি বড় অংশ প্রিয়াংকা গান্ধীকে নির্বাচনে ভূমিকা রাখার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন। কংগ্রেস সভাপতি বিজেপির সমালোচনা করে বলেন, এই দলটি কংগ্রেসের বিরুদ্ধে এমন কোনো কুত্সা নেই যা রটায়নি। যারা দুর্নীতি করেছে কংগ্রেস তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে কংগ্রেসের এই নেত্রী আরো বলেন, অথচ বিজেপি তাদের দলের কোনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তিনি অভিযোগ করেন, বিজেপি এই রাজ্যকে ধর্ম, বর্ণ, প্রথা এবং এলাকার ভিত্তিতে বিভক্ত করেছে। আর সেখানে কংগ্রেস সমতার নীতি বজায় রেখেছে। বিজেপি কংগ্রেসের নীতিকে অবজ্ঞা করেছে অভিযোগ করে সোনিয়া বলেন, শিক্ষার অধিকার আইন, খাদ্য নিরাপত্তা, ভূমি অধিগ্রহন এবং এমএনআরজিএ’র মতো আইনগুলো আকাশ থেকে এসে পড়েনি। নেত্রী আরো বলেন, কংগ্রেসের কারনেই মানুষ সাদা বিপ্লব, সবুজ বিপ্লব, পরমাণু কর্মসূচি এবং অবকাঠামো খাতে উন্নতি দেখতে পেরেছে।
কংগ্রেস নেত্রী সোনিয়া আবেগজড়িত কণ্ঠে বলেন, ইন্দিরা গান্ধী যেমন তার ছেলে রাজীব গান্ধীকে আপনাদের হাতে সপোর্দ করেছিলেন ঠিক তেমিন ২০০৪ সালেও আমি রাহুলকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। আপনারা তার প্রতিদান দিয়েছিলেন। এবারও আপনাদের হাতেই আমার ছেলেকে তুলে দিলাম এবং আপনারা আপনাদের কাজটি করবেন বলে আশা করি।