শরদ পাওয়ারের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ
অঞ্জন রায় চৌধুরী, নয়াদিল্লি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:২৫
ভারতের চলতি ১৬তম লোকসভা নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে কৃষিমন্ত্রী এবং জ্যেষ্ঠ রাজনীতিক শরদ পাওয়ার এবং তার পরিবারকে। গত ৩০ থেকে ৩৫ বছর ধরে শরদ পাওয়ার এবং তার পরিবার মহারাষ্ট্রের সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। জনগনও তাদের পাশে ছিলেন। কিন্তু এবার পরিস্থিতি অনেকটা ভিন্ন বলেই মনে করছেন অনেকে।
ভারতের পশ্চিমাঞ্চলের মহারাষ্ট্রের মূল নিয়ন্ত্রণে ছিলেন শরদ পাওয়ারের পরিবার। পাওয়ার গত দশ বছর ধরে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান এবং ক্ষমতাসীন কংগ্রেসের অন্যতম মিত্র। দলটি সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে কেবল জনগনই তাদের পাশ থেকে সরে যায়নি। দলের অনেক নেতাও দল ত্যাগ করেছেন। কিন্তু পাওয়ার তাদের থামাতে পারেননি কিংবা ফিরিয়ে আনতে পারেননি। ফলে শরদের পরিবারের জন্য এবারের নির্বাচন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ১৭ এপ্রিলের নির্বাচনে পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন আম আদমি পার্টির প্রার্থী সুরেশ কপাদি। বারতমাতির আসনটি ১৯৬৭ সাল থেকে পাওয়ারের পরিবারের সদস্যদের নিয়ন্ত্রনে রয়েছে। বর্তমানে সেখানে পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে এই আসনে প্রার্থী হয়েছে। অজিত পাওয়ার সুপ্রিয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অজিত পাওয়ার নিজেই বিভিন্ন স্থান চষে বেড়াচ্ছেন। স্থানীয় গণমাধ্যগুলোর খবরে জানা যাচ্ছে, কোনো সমাবেশে লোকসমাগম হয় না। এসব সমাবেশ এখন বিয়ের আসরে পরিণত হয়েছে। কৃষকরাও অজিতের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। এরকম পরিস্থিতির মুখোমুখি আর কখনো শরদের পরিবারকে পড়তে হয়নি। বিজেপির মুখপাত্র মাধব ভান্ডারি এ সম্পর্কে বলেন, অতীতে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে পাওয়ারের পরিবারকে ভোট দিয়েছেন। কিন্তু তারা বিনিময়ে গত ২০ বছর কিছু পায়নি। এখন তারা সেটা উপলব্ধি করতে পারছেন। যুবকরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি এবার নিম্নবর্ণের ভোটারদেরও আকৃষ্ট করতে পারেননি শরদ। ফলে এক বিশাল পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে পাওয়ার পরিবারকে।