দ্রুত আদালতে পৌঁছাতে গাড়ি চুরি!

গাড়ি চুরি করে চোরেরা সব সময় পুলিশ এবং আদালত থেকে দূরে থাকতে চায়। কিন্তু পারে না। ধরা তাদের খেতেই হয়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এক চোর একটা ভিন্নধর্মী ঘটনার জন্ম দিল। সে আদালতে যথাসময়ে হাজির হতে গাড়ি চুরি করলো! ক্যালিফোর্নিয়ার জেমস ম্যানিংকে পুলিশ একটি গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান থেকে মিতসুবিসি-২০০১ মডেলের একটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার করে। সোনোরার পুলিশ জিপিএস ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে গাড়িটি শনাক্ত করত সক্ষম হয়। ম্যানিংয়ের স্ত্রী তেরেসা ক্যাসটিলো জানান, তার স্বামী ২০০ মার্কিন ডলারের বিনিময়ে একদিনের জন্য গাড়িটি ভাড়া করেছে। তবে জিজ্ঞাসাবাদে ম্যানিং জানিয়েছে, ওই দিন তার আদালতে হাজির হওয়ার কথা ছিল। সময়মতো হাজির হতে সে গাড়িটি চুরি করেছিল! পরে পুলিশ তল্লাশি করে ম্যানিংয়ের বাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার করে। আশ্চর্য চোর বটে! - ইউপিআই