রাজশাহীতে বিনা খরচে আইনি সহায়তা :এক হাজার মামলা নিষ্পত্তি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:২৭
জাতীয় আইনগত সহায়তা কমিটি রাজশাহী জেলা শাখার সহযোগিতায় গত ১০ বছরে এক হাজার ৩৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে ২০১৩ সালে নিষ্পত্তি হয়েছে ১১৬টি মামলা। এই সংস্থার কারণে বিনা খরচায় আইনি সহায়তা পাচ্ছে অসহায় হতদরিদ্র মানুষ। সংস্থার রাজশাহী জেলার চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ জানান, বিনা খরচায় আইনি সহযোগিতা পাওয়ায় বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা। ২০১২ সালে সংস্থার সহযোগিতায় ১৩১টি এবং ২০১১ সালে ২৮৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময়ে সংস্থায় আইনি সহায়তার আবেদন পড়েছিল দুই হাজার ৬৬০টি। এরমধ্যে এক হাজার ১৮৩টি পুরুষ ও ১ হাজার ৪৭৭ জন মহিলা।
জানা যায়, অসহায় ও দরিদ্র জনগণ যাদের বার্ষিক আয় ৩০ হাজার টাকার বেশি নয়, তাদের সরকারি খরচে আইনি সহায়তার জন্য ‘আইনি সহায়তা প্রদান আইন-২০০০’ মোতাবেক এ সংস্থা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল রিফর্ম প্রজেক্ট, পার্ট-২ এর কারিগরি সহায়তায় রাজশাহী জেলা আইনি সহায়তা কমিটি ২০০৯ সালের অক্টোবরে যাত্রা শুরু করে।
সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্রকল্পের আর্থিক সহযোগী হিসেবে কানাডিয়ান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (সিডা) সহায়তা করছে। পাইলট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে রাজশাহীতে এর যাত্রা শুরু ও শেষ হয়। ওই প্রকল্প শেষ হয় ২০১২ সালের ফেব্রুয়ারিতে। এরপর থেকেই সরকারি উদ্যোগে এই কার্যক্রম চলছে। দেওয়ানী, ফৌজদারী, পারিবারিকসহ সব ধরনের মামলার আইনী সহায়তা প্রদান, লিগ্যাল এইডের মামলার ডিক্রি ও রায়ের নকল বিনামূল্যে সরবরাহ করা কমিটির অন্যতম কাজ। পাশাপাশি আইন সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং আইনগত অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করাসহ অন্যান্য আনুষঙ্গিক সেবা প্রদান করে কমিটি।