কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে ছাত্রীর শ্লীলতাহানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পরীক্ষার হলে প্রবেশ করে এক ছাত্রীর শ্লীলতাহানী করেছে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার হওয়া একই বিভাগের ছাত্র নুরুল আমীন সবুজ। ঘটনার পর পরীক্ষা স্থগিত করা হয়। গতকাল শনিবার বাংলা বিভাগের ৪থ বষের্র পরীক্ষা শুরুর বিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করে সবুজ। পরীক্ষার হলে কিছু সময় পর ওই ছাত্রী এলে তাকে জড়িয়ে ধরে সবুজ। এ সময় সবুজ তার মুখমন্ডল ক্ষতবিক্ষত করে। কিছু বুঝে ওঠার আগেই সবুজ পরীক্ষার হল ত্যাগ করে। আহত ছাত্রীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হয়। তার ঠোঁটে তিনটি সেলাই করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সবুজের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পুলিশ প্রক্টরিয়াল বডির সহায়তায় সবুজকে খুঁজতে তল্লাশী চালায়। উল্লেখ্য, লাভলীকে বার বার প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে ২০১১ সালেও পরীক্ষা চলাকালে সবুজ ওই ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা চালায় এবং ছুরিকাঘাত করে। লাভলীর অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের পর তাকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে। এ বিষয়ে প্রক্টর মোঃ আইনুল হক বলেন, ‘প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিবে। তাকে পুলিশে ধরিয়ে দিতে আমরা চেষ্টা করছি।’