লংমার্চ সফল করে তুলুন :দুলু
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:৩৫
বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক উপমন্ত্রী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশে বলেছেন, দেশের স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আগামী ২২ ও ২৩ এপ্রিল লংমার্চ সফল করুন।
শনিবার শহরের উপশহর মাঠে জেলা বিএনপি আয়োজিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা-২০১৪ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমান সরকার ভারতকে তাদের প্রভু মনে করে। এ কারণে দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে তারা পিছপা হচ্ছে না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আমিনুল হক, কাজী শাহ আলম, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আলমামুন, গোলাম সারোয়ার প্রমুখ।