সিপিবি ও বাসদের তিস্তা মার্চ সম্পন্ন

তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যার দাবিসহ ৬ দফা দাবিতে সিপিবি ও বাসদের ঢাকা থেকে তিস্তা ব্যারেজ অভিমুখী তিন দিনের রোড মার্চ, শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে তিস্তা ব্যারেজ সংলগ্ন দোয়ানী সাধুর বাজারে এসে পৌঁছে। এরপর সমাবেশের মাধ্যমে তিন দিনের তিস্তা মার্চ কর্মসূচী শেষ করা হয়। সমাবেশে ভারতের সাথে ৫৪টি অভিন্ন নদীসহ ৫৭টি আন্তর্জাতিক নদীর পানি বন্টনের সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং অভিন্ন নদীর পানি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য চীন, ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে যৌথ অববাহিকা কর্তৃপক্ষ গঠনের আহ্বান জানান বক্তারা। সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সমাবেশে তিস্তা ঘোষণা পাঠ করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন রহমান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহম্মেদ। গত বৃহস্পতিবার ঢাকা থেকে সিপিবি ও বাসদ এ লংমার্চ শুরু করে। লংমার্চটি সিরাজগঞ্জ, বগুড়া হয়ে শুক্রবার রাতে রংপুরে পৌঁছায়। রংপুরের পথে পথে জনসভা রংপুর প্রতিনিধি জানান, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা প্রদান এবং রংপুরসহ উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করার ভারতীয় চক্রান্ত প্রতিহত করার দাবিতে গতকাল শনিবার রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে সিপিবি ও বাসদের লং মার্চ্ তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করে। সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান ও বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভুইয়ার নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী লংমার্চে অংশ নিয়েছে। এর আগে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে লংমার্চ রংপুর থেকে তিস্তা ব্যারেজে যাবার সময় পাগলাপীর, কিশোরগঞ্জ, ট্যাঙ্গরমারী, জলঢাকাসহ বিভিন্ন স্থানে জনসভা অনুষ্ঠিত হয়।