বিভিন্ন স্থানে আটজন খুন
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৪, ২১:৩২
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় গত দুদিনে আটজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে একজন নিহত
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সিঙ্গিয়া হাজীপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় গত শনিবার ভোরে মোফাজ্জল হক (৩০) নামে কৃষক মারা গেছেন। শুক্রবার দুপুরে জমি চাষ করতে গেলে আছিমউদ্দিন, মিজানুরসহ বেশ কয়েকজনের হামলায় মোফাজ্জল এবং আকতারুল নামে দুই ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের প্রথমে ঠাকুরগাঁও হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মোফাজ্জল মারা যান। ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ খান জানান, সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
কুমিল্লায় শ্বাসরোধে শিশু হত্যা
কুমিল্লার সদর উপজেলার বড় আলমপুর গ্রামে গত শনিবার দুপুরে ৮ বছরের এক শিশুকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশু আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় একই গ্রামের বাবুল মিয়ার পুত্র ও নিহতের খালাতো ভাই মহিন উদ্দিন ও তার বন্ধু মনির হোসেনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুল ছাত্রী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় তার খালাতো ভাই মহিন ও বন্ধু মনির তাকে একা পেয়ে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যা করে। এঘটনায় নিহতের পিতা মুক্তার মিয়া বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
সুনামগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
সুনামগঞ্জ সদর উপজেলার ভৈষবের গ্রামে গত শনিবার দুপুরে স্বামীর লাঠির আঘাতে পাপিয়া বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এঘটনায় স্বামী কামাল মিয়াকে পুলিশ আটক করেছে।
জগন্নাথপুরে ঘুষিতে একজন নিহত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সোনাতনপুর গ্রামে গতকাল রবিবার শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ফুফাতো ভাইয়ের ঘুষিতে সিদ্দিক মিয়া (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।
মুরাদনগরে লাঠির আঘাতে একজন নিহত
কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্ব সোনাউল্লা গ্রামে গত শনিবার জমি বিক্রি নিয়ে লাঠির আঘাতে মালু মিয়া (২৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানান, জমি বিক্রি নিয়ে ঘনি মিয়ার দুই ছেলের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এতে প্রতিবেশী মালু মিয়া ঝগড়া মেটাতে গিয়ে লাঠির আঘাতে মারা যান।
মুন্সীগঞ্জে গৃহবধূ হত্যা!
মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরাপাড়া গ্রামে গত শনিবার বিকালে রাশেদা আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছে তার ভাই নাদিম হোসেন। প্রতিবেশী হেনা বেগম জানান, ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
রাশেদার ভাই নাদিম হোসেন জানান, শাশুড়ি জাহানারা বেগম, দেবর সুমন ও ভাসুর সিরাজের নির্যাতনে রাশেদা মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নারায়ণগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চল বক্তবলীতে শফিকুল ইসলাম (৩৫) নামের এক ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহত ব্যক্তির স্ত্রী। রবিবার সকালে আহত অবস্থায় শফিকুলকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। শফিকুলের স্ত্রী সামসুন্নাহার জানান, শনিবার সন্ধ্যায় তার স্বামীকে অজ্ঞাত পরিচয়ে এক লোক বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে আর বাড়ি ফেরে নাই শফিকুল। সকালে একটি ইট খোলায় গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। শফিকুল বক্তাবলী এলাকার দীন ইসলামের ছেলে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল জানান, ঘটনা শুনেছি তবে এখনো কেউ কোন অভিযোগ করেনি।
পীরগঞ্জে শিশু নাদিরা হত্যাকারী মহিলার স্বীকারোক্তি
পীরগঞ্জ উপজেলার চাঁদগাও গ্রামের ৫ বছর বয়সী নাদিরা বেগমকে হত্যার ঘটনায় শুক্রবার আটককৃত দু’মহিলার মধ্যে মাজেদা বেগম পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম শনিবার মাজেদার জবানবন্দি রেকর্ড করেন বলে তদন্তকারী কর্মকর্তা ওয়াহেদ আলী জানান। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি চাঁদগাও গ্রামের ৫ বছর বয়সী নাদিরা নামে এক শিশুকে বাড়ির পার্শ্ববর্তী দুলালের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে ঐ দিনই মহসিন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।