শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৪, ২১:৪৮
শেয়ারবাজারে গতকাল বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল জ্বালানি খাত। এরপরই ছিল ব্যাংকিং খাত ও সিমেন্ট খাতের লেনদেন। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বস্ত্র খাতের রপ্তানি আয় বাড়ার পাশাপাশি এ খাতের কিছু কোম্পানির শেয়ারদর কম থাকায় বিনিয়োগকারীদের আগ্রহ ছিল এ খাতটি ঘিরে। তাই এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে প্রায় ৩ শতাংশ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ১৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি ৯৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের।
এদিকে জীবন বীমা কোম্পানির বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন আগামী ৩০ জুন পর্যন্ত দাখিল করতে পারবে জীবন বীমা কোম্পানিগুলো। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বছরশেষে বীমা নিষ্পত্তির হিসাব মেলাতে অধিক সময়ের প্রয়োজন হওয়ায় জীবন বীমা কোম্পানিগুলোকে সময়মতো আর্থিক প্রতিবেদন জমা দিতে হিমশিম খেতে হয়। এ অবস্থায় সুষ্ঠুভাবে হিসাব নিষ্পত্তি শেষে আগামী ৩০ জুনের মধ্যে আর্থিক প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছে বিএসইসি।