লো ক স ভা নি র্বা চ ন
মিঠুন-রচনাদের টেক্কা দিতে আসছেন হেমা মালিনী
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৪, ২২:১১
লোকসভা নির্বাচনে এবার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের বিজেপি প্রার্থী বাপ্পী লাহিড়ীকে ঠেকাতে মরিয়া চেষ্টা করে যাচ্ছে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস। তাই ‘বাপ্পীদা’কে সামাল দিতে এখন শ্রীরামপুরের মাঠে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নামানোর কথা ভাবছে তৃণমূল।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আগামী ২৪ কিংবা ২৫ তারিখ সভা করতে পারেন মিঠুন চক্রবর্তী। চন্ডীতলা, আরামবাগ এবং ধনেখালিতেও সভা করবেন মিঠুন। শুধু মিঠুনই নন, তৃণমূলের হয়ে সভা করতে আসছে গোটা টলিউড! আগামী ২৫ এপ্রিল শ্রীরামপুর এবং কোন্ননগরে সভা করবেন যীশু, বুম্বা এবং টলিউডের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। ফলে, এই সেলিব্রিটিদের দেখতে যে সভায় ভিড় উপচে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে, বিজেপির প্রার্থী যেখানে বাপ্পী লাহিড়ী সেখানে টলিউড দিয়ে তৃণমূল কংগ্রেস টেক্কা দিবে কিভাবে! এই আসনে বাপ্পীর হয়ে প্রচারে আসছেন মথুরার বিজেপি প্রার্থী ‘ড্রিমগার্ল’ হেমা মালিনী। সঙ্গে থাকবেন শত্রুঘ্ন সিনহা। তার আগে আসতে পারেন সালমান খান। ফলে নির্বাচনের আগে এখন সবার নজর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। জনগণের রায়ে শেষ হাসি কে হাসবে তা জানতে সবার চোখ ১৬ মের দিকে।