ইবি ভিসির বাসভবন উড়িয়ে দেয়ার হুমকি ছাত্রলীগ নেতার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের বাসভবন উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক সজিবুল ইসলাম সজিব। চাকরির দাবিতে গতকাল রবিবার ভিসির সাথে কথা বলার এক পর্যায়ে তিনি এ হুমকি দেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক সজিবুল ইসলাম সজিব ও আহমেদ মাহফুজ সাজনসহ চাকরি প্রত্যাশী কয়েকজন গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে আসেন। এ সময় তারা ভিসির নিকট চাকরি দাবি করে বিভিন্ন কথা বলেন। এক পর্যায়ে তারা ভিসিসহ তার বাসভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে দুপুর ১টার দিকে সজিব ও সাজনের নেতৃত্বে চাকরি প্রত্যাশীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা দিতে চাইলে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা এসে তাদের সরিয়ে দেন। এ সময় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে চায় তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। এদিকে বোমা মারার কথা অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সজিবুল ইসলাম সজিব বলেন, আমরা কিছু বিষয়ে কথা বলতে ভিসি স্যারের নিকট গিয়েছিলাম। ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, আমি তাদের ছেলের মত দেখি। আশা করি সব ঠিক হয়ে যাবে।