আদালতে ক্ষমা চাইলেন গয়েশ্বরসহ ৩ বিএনপি নেতা

বিরূপ মন্তব্যের জন্য নি:শর্ত ক্ষমা চাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ তিন বিএনপি নেতাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। অব্যাহতিপ্রাপ্ত অন্য দু’জন হলেন, বিএনপি সমর্থক চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা অধ্যাপক এম সালাম ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। গত ৬ এপ্রিল ড্যাবের এক মানববন্ধন কর্মসূচিতে ‘সব কোর্ট মুজিব কোটে বন্দি’ বলে গয়েশ্বর চন্দ্রের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাদেরকে তলব করে হাইকোর্ট। একইসঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না-তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। তলব আদেশের পর গতকাল তারা হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে দুঃখ প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।