চিদাম্বরমকে ‘তুই তোকারি’ করলেন মমতা

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে মালদায় নির্বাচনী জনসভায় ‘তুই-তোকারি’ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় তিনি চিদাম্বরমকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন। একই সাথে কংগ্রেসের শীর্ষনেতাদের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন মমতা। খবর জি নিউজের। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী জনসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদাম্বরমকে ‘চিদু দা’ বলে বিদ্রুপ করেন। মমতা বলেন, ‘চিদু দা মানে আপনাদের চিদাম্বরম দা। তিনি ভারতবর্ষের অনেক ক্ষতি করেছেন। কংগ্রেসের এ অর্থমন্ত্রী পুলিশ কর্মকর্তাদেরকে তৃণমূলের ২-৩ জনকে গ্রেফতার করতে বলেছে। তারা আর কিছু তো করতে পারবে না, তাই ওসব করছে।’এরপর ক্ষুব্ধ কণ্ঠে চ্যালেঞ্জ নেওয়ার সুরে মমতা বলেন, ‘আরে ক্ষমতা থাকলে তুই আমায় টাচ কর। আমি মায়বতী বা মুলায়ম নই। আমি মমতা।’ কত ক্ষমতা আছে তা দেখাতে আহ্বান জানান মমতা। উল্লেখ্য, কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি সারদা কাণ্ডের তদন্তে গা-ঝাড়া দিয়ে নেমেছে। মমতার ধারণা, তৃণমূলকে বিপদে ফেলতে ইচ্ছাকৃতভাবে তদন্তে গতি এনেছেন চিদাম্বরম।