জবানবন্দি দিয়েছেন ব্যক্তিগত গাড়ির চালক
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৪, ২৩:১৫
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির ( বেলা) প্রধান নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকির অপহরণের ঘটনায় তার ব্যক্তিগত গাড়ির চালক রিপন মিয়া আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল রবিবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এ নিয়ে আবু বকরসহ তিনজন জবানবন্দি দিয়েছেন। এদিকে ঘটনার ৩৫ ঘন্টা পর আবু বকর সিদ্দিকের মুক্তিপেলেও পাঁচ দিনেও অপহরণ রহস্য ও কারা জড়িত তা জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম বলেন, প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে তদন্ত চলছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, দৃশত কিছু বলার মত কোন অগ্রগতি নেই।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত সাইফুল ইসলাম বলেন, গতকাল বিকালে প্রাইভেটকার চালক রিপন মিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।