অভিযোগ গঠন বাতিলে খালেদার আবেদনের ওপর আদেশ বুধবার

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুটি দুর্নীতি মামলায় বিচারিক আদালতের অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষ হয়েছে। বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ আগামী বুধবার এ বিষয়ের ওপর আদেশের জন্য দিন ধার্য করেছেন। গতকাল রবিবার হাইকোর্টে তৃতীয় দিনের মত এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ ও এডভোকেট এজে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে এডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন। দুদকের এই দুটি মামলায় গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এই অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদনে দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না- মর্মে রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত ও মামলার রেকর্ড তলবের আবেদন করা হয়।