কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র ঠেকিয়ে ছাত্রী নির্যাতন!
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে গত শনিবার সবার সামনে অস্ত্র ঠেকিয়ে এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নুরুল আমিন সবুজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। ২০১১ সালের ডিসেম্বরে একই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আজীবন বহিষ্কার হন সবুজ। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া ছাত্র কি করে আবাসিক হলে থাকে এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও সমালোচনা করেন শিক্ষার্থী-অভিভাবকরা।
শিক্ষার্থীরা জানান, গত শনিবার সবুজ পরীক্ষার হলে ঢুকে সবার সামনে অস্ত্র ঠেকিয়ে ওই ছাত্রীকে মারধোর করে। তার আঘাতে ছাত্রীর মুখমন্ডল জখম হয়। এক পর্যায়ে সবুজ পালিয়ে গেলে পরীক্ষা স্থগিত করে আহত ছাত্রীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক জাহিদ জানান, এখন পর্যন্ত ছাত্রীর পক্ষে কেউ মামলা বা অভিযোগ করতে থানায় আসেননি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মাদ আইনুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সবুজের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। পুলিশ প্রশাসন সবুজের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।’