কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশুর মৃত্যুর অভিযোগ
কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২১
কুমারখালির কয়া ইউনিয়নের বেড়কালোয়া গ্রামে গতকাল রবিবার তরমুজ খেয়ে স্মৃতি (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই তরমুজ খেয়ে একই পরিবারের আট জনসহ কমপক্ষে ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ এক শিশুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে তরমুজ বিক্রেতা রেজাউল ইসলামকে কুমারখালি থানা পুলিশ আটক করেছে। স্মৃতি কালুয়া গ্রামের আশরাফ আলীর মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কালুয়া গ্রামের আসকর আলী ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কুমারখালী রেল স্টেশন বাজার থেকে তরমুজ কেনেন। ওই তরমুজ তার পরিবারের সদস্য ও নিকটতম প্রতিবেশীরা একসঙ্গে খায়। এর কিছুক্ষণ পরই তারা সবাই একযোগে অসুস্থ হয়ে পড়ে। তাত্ক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। চিকিত্সার এক পর্যায়ে স্মৃতি মারা যায়। গুরুতর অসুস্থ আসকর আলীর ছেলে অনিককে (১১) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সালেক মাসুদ এ ব্যাপারে বলেন, ধারণা করা হচ্ছে তরমুজে কোন রাসায়নিক দেয়ার ফলে তার বিষক্রিয়ায় শিশুটির মৃত্যু হতে পারে। অথবা অন্য কোন খাদ্য গ্রহণের ফলেও এমনটি ঘটে থাকতে পারে। তবে প্রকৃত মৃত্যুর রহস্য পরে জানা যাবে।