গিরিরাজকে বিজেপির ভর্ত্সনা, গ্রেফতার দাবি কংগ্রেসের
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২১
বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্যের একদিন পরই সরব কংগ্রেস। রবিবার গিরিরাজ সিংয়ের গ্রেফতারের দাবিও তুলেছে কংগ্রেস নেতৃত্ব। এবিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতেও অনুরোধ করেছে কংগ্রেস। আর বিজেপি প্রধান রাজনাথ ভর্ত্সনা করেছেন তাকে।
শনিবার ঝাড়খণ্ডের গোড্ডায় একটি জনসভায় গিরিরাজ সিং বলেন, মোদী বিরোধীদের কোনও জায়গা ভারতে নেই। ভোটে যদি বিজেপি জেতে তবে মোদী বিরোধীদের দেশ ছেড়ে পাকিস্তানে যেতে হবে। এই মন্তব্যের পরই বিতর্কে জড়িয়ে পড়েন গিরিরাজ। তার এই মন্তব্যের জেরে ভোটবাজারে অস্বস্তিতে পড়তে হয় বিজেপিকে। এই ইস্যু থেকে তড়িঘড়ি নিজেদেরকে সরিয়ে নিয়েছে বিজেপি নেতারা।
এধরনের মন্তব্য দলের নীতি-আদর্শে আঘাত হানছে এমন মন্তব্য করে গিরিরাজকে ভর্ত্সনা করেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। বিজেপি এধরনের মন্তব্য সমর্থন করে না বলে সাফ জানান বিজেপি মুখপাত্র নির্মলা সীতারামন। তিনি আরও বলেন, দেশে পরিবর্তন আনতে এবং অর্থনৈতিকভাবে দেশকে উন্নত করতে নির্দিষ্ট কর্মসূচী নিয়ে মোদীর বিজেপি প্রচার চালাচ্ছে। বিরোধীদের দেশছাড়া করার কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বিজিপি দেয়নি। তাই এধরনের তোষামোদী বক্তব্য ভবিষ্যতে কাউকে না দেয়ার জন্য বিজেপি সতর্ক করে দিয়েছে। আরজেডি নেতা মনোজ ঝা বলেন, ‘নির্বাচন কমিশনের কড়াপদক্ষেপ নেওয়া উচিত। তবে, এত নিন্দা-সমালোচনার মাঝেও নিজের অবস্থান থেকে এক বিন্দুও সরেননি গিরিরাজ সিং। মোদীর বিরোধীতা করলে তাকে ভারত ছাড়তে হবে বলে তিনি আবারো মন্তব্য করেন।