ইউক্রেনের পূর্বাঞ্চলে গোলাগুলিতে নিহত ৪
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২২
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গোলযোগপূর্ণ শহর স্লাভিয়ানস্ক শহরে গতকাল রোববার ভোরে বন্দুকযুদ্ধে তিন রুশ মিলিশিয়া ও একজন হামলাকারী নিহত হয়েছে। স্থানীয় নেতা ভিয়াতশেস্লাভ পনোমারোভ সাংবাদিকদের জানান, স্লাভিয়ানস্কির পূর্বাঞ্চলের রুশ মিলিশিয়া নিয়ন্ত্রিত একটি গ্রামের প্রবেশ পথে ব্যারিকেডের কাছে এই সংঘর্ষ বাধে। গত সপ্তাহে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় সরকারি ভবনগুলো খালি করে দেয়ার কথা থাকলেও বিচ্ছিন্নতাবাদিরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প শহরগুলিকে নতুন করে তাদের দখলে নেয়। কিয়েভ কর্তৃপক্ষ বলেছে, মস্কোপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে সোমবার ইস্টার হলিডে পর্যন্ত তাদের অভিযান বন্ধ থাকবে।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে ‘ইস্টার অস্ত্র বিরতি’ ভঙ্গ করে মারাত্মক গোলাগুলির ঘটনায় বিক্ষুব্ধ। বিবৃতিতে কিয়েভের প্রতি আন্তর্জাতিক চুক্তির শর্ত মেনে চলার এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানানো হয়। রাশিয়ার সাংবাদ সংস্থাগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘যোদ্ধাদের এই উস্কানিতে রুশ পক্ষ ক্ষুব্ধ।’ এতে বলা হয়, ‘রাশিয়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে ইউক্রেনের কঠোর বাধ্যবাধকতা মেনে চলার ওপর জোর দিচ্ছে।’