নিরাপত্তা ঝুঁকিতে ব্র্যাক ব্যাংকের ই-ব্যাংকিং

ব্র্যাক ব্যাংকের ই-ব্যাংকিংয়ের (ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং) নিরাপত্তা নিশ্চিত করতে আবারো নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গতকাল রবিবার এ নির্দেশনা দেয়। অবশ্য এর আগেও একই বিষয়ে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ই-ব্যাংকিংয়ের ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাংকের গ্রাহকরা। ঝুঁকিতে পড়ছে আমানত। তাই শিগগিরই এ ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্র্যাক ব্যাংকের ই-ব্যাংকিংয়ের দুর্বলতার কারণে ওই ব্যাংকের অনেক এ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এ্যাকাউন্ট থেকে স্থানান্তরিত হয়েছে অর্থ। এমন প্রমাণও পেয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল। কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত অক্টোবর ও নভেম্বর মাসেই ৩০টি এ্যাকউন্ট থেকে একই ব্যাংকের অন্য এ্যাকাউন্টে ২০ লাখ টাকা সরানো হয়। এ অবস্থা উত্তরণে ই-ব্যাংকিংয়ের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এ বিষয়ে অগ্রগতি আগামী ১০ দিনের মধ্যে জানাতেও বলা হয়েছে। এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান বলেন, চিঠি আমি এখনো দেখিনি। ব্র্যাক ব্যাংকের ই-ব্যাংকিং শুরুর সময় কিছু এ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। তবে এখন হ্যাকিং বা অন্য কোন দুর্বলতা নেই বললেই চলে। গত নভেম্বরের পরে এ ধরনের কোন দুর্ঘটনাও ঘটেনি। দেশের ব্যাংকের মধ্যে বর্তমানে ব্র্যাক ব্যাংকের ই-ব্যাংকিং সবচেয়ে নিরাপদ বলেও তিনি দাবি করেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে অটোমেটেড নয় এবং এর নিরাপত্তা ব্যবস্থায় পদ্ধতিগত যথেষ্ট ত্রুটি রয়েছে। তাই আমানতকারীর স্বার্থের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটির ইন্টারনেট ব্যাংকিং প্রক্রিয়ায় জরুরিভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করতে হবে।