সাঈদীর আপিলের রায়
পিরোজপুরে নিরাপত্তা জোরদার
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২৩
মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দন্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণার পর তার নিজ এলাকায় যে কোন ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সাঈদীর জন্মস্থান জিয়ানগর উপজেলায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। পরিস্থিতি মোকাবেলায় জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক সভা রবিবার বিকালে জেলা অফিসে অনুষ্ঠিত হয়েছে। সেখানে রায় পরবর্তী সম্ভাব্য উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এদিকে আজ সোমবার পিরোজপুর শহরে সাঈদী ফাউন্ডেশন চত্বরে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সাঈদীর দুই ছেলে শামীম সাঈদী ও জিয়ানগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ সাঈদী উপস্থিত থাকবেন। এ মাহফিলের উপর পুলিশের বিশেষ নজরদারী থাকবে। মাহফিলে যাতে ধর্মীয় আলোচনার বাইরে রাজনৈতিক বিষয়ে কেউ বক্তব্য না দেন সে বিষয়টি নিশ্চিত করতে আয়োজকদের প্রশাসনের তরফ থেকে সতর্ক করে দেয়া হয়েছে।