হূদয় চুরির বদলে টিভি, কুকুর চুরি!

সম্পর্ক গড়ে ওঠে দুইজনের হূদয়ের গভীরে লুকিয়ে থাকা ভালবাসাকে জাগ্রত করা এবং সেটি দুইজনের মধ্যে বিনিময়ের মাধ্যমে। আর প্রেমিক-প্রেমিকার জীবনের প্রথম দেখাটা সবসময়ই তাদের জীবনে স্মৃতি হয়ে থাকে। একে অপরের মধ্যে ভিন্ন রকম এক অনুভুতির সৃষ্টি হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রেমিকের মনে এ কি ধরনের ভাবনা। প্রেমিকার হূদয় চুরির বদলে চুরি করলো তার টিভি এবং কুকুর! নিউজার্সির এক নারী জানিয়েছেন, একজন লোকের সঙ্গে তার ইন্টারনেটে পরিচয় হয়। এর কিছুদিন পর তার সঙ্গে তার বাসায় ওই লোকটি দেখা করতে আসে। ওই নারী মনে করেছিলেন,হয়তো প্রেম নিবেদন করার জন্যই লোকটি এসেছে। এজন্য তার আপ্যায়নের ব্যবস্থা করার জন্য তিনি অন্য একটি কক্ষে গেলেন। পুরুষ মানুষটি একা একটি কক্ষে বসেছিল। ওই কক্ষে টিভি এবং তার প্রিয় কুকুরটি ছিল। অনেকক্ষণ পর ওই নারী কক্ষে আসলেন। কিন্তু এসে দেখেন তার হবু প্রেমিক নেই! তবে প্রেমিক নেই তাই নয়, লক্ষ্য করেন, কক্ষে তার তিন হাজার মার্কিন ডলার মূল্যের টিভি এবং ৪ হাজার মার্কিন ডলার মূল্যের কুকুরটিও নেই! - এপি