ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল মঞ্চে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী শুরু হচ্ছে আজ শনিবার। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কবির বাল্যস্মৃতি বিজড়িত বিচুতিয়া বেপারীবাড়ি ও কাজির শিমলা দারোগাবাড়ি নজরুল স্মৃতিকেন্দ্রে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রথম দিন বিকালে স্থানীয় নজরুল একাডেমির মাঠে নজরুল মঞ্চে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশালের এমপি হাফেজ রুহুল আমিন মাদানী, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল প্রমুখ। অনুষ্ঠানে আলোচক থাকবেন কবিপৌত্রী খিলখিল কাজী।
দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেক, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।