মার্চে সব দেশ থেকে রেমিট্যান্স বেড়েছে

রেমিট্যান্স প্রেরণকারী সব দেশ থেকেই ফেব্রুয়ারির তুলনায় মার্চে বেশি রেমিট্যান্স এসেছে। এতে সার্বিকভাবে মার্চের রেমিট্যান্সের পরিমাণ আগের মাসের তুলনায় বেড়েছে। ২০১৩-১৪ অর্থবছরের নয় মাস (জুলাই-মার্চ) পর্যন্ত দেশে মোট এক হাজার ৪৯ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্সের হিসেবে এ তথ্য উঠে এসেছে। দেশভিত্তিক রেমিট্যান্সের প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরে একক মাস হিসেবে ফেব্রুয়ারিতে যেখানে মোট ১১৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল সেখানে মার্চে এসেছে ১২৮ কোটি ৮৬ লাখ ডলার। এ মাসে আগের মাসের তুলনায় সব দেশ থেকেই রেমিট্যান্স বেড়েছে। রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ সৌদি আরব থেকে মার্চে ২৮ কোটি ৩২ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। আর ফেব্রুয়ারিতে এসেছিল ২৬ কোটি ৮৭ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। এদিকে মধ্যপ্রাচ্যের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেব্রুয়ারিতে এসেছিল ১৯ কোটি ২৩ লাখ ডলার আর মার্চে এসেছে ২১ কোটি ৪৮ লাখ ডলার। একইভাবে অন্যান্য সব দেশ থেকে মার্চে রেমিট্যান্স বেড়েছে।