নারীর সমান অধিকার প্রতিষ্ঠার আহ্বান রুহানির

২০ এপ্রিল ইরানের জাতীয় নারী দিবস উপলক্ষে প্রেসিডেন্ট হাসান রুহানি নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন, নারীর প্রতি বৈষম্যমূলক সংস্কৃতিকে আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক নারীর উপস্থিতি লক্ষ্য করা যায়। ইসলামিক আইন অনুযায়ী কোথাও বলা হয়নি নারীর থেকে পুরুষ বেশি শক্তিশালী। ইরানের নারীরা সমান সুযোগ, সমান নিরাপত্তা এবং সমান সামাজিক অধিকার ভোগ করবে। এদিকে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার নিজের ওয়েবসাইটে বলেন, নারী সমান অধিকারের বিষয়টি পশ্চিমাদের একটি বড় ধরনের ভ্রান্তিকর চিন্তার ফসল। তিনি আরো বলেন, নারীর কর্মসংস্থান নিয়ে বিরোধিতা করছি না তবে তা যেন পরিবারের প্রতি দায়িত্ব পালনে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।