পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে আজ

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

দেশের দীর্ঘতম রেলপথ ঢাকা-পঞ্চগড় রুটে আজ শনিবার থেকে যাত্রা শুরু হচ্ছে স্বল্পবিরতির আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ট্রেনটির উদ্বোধন করবেন। রেলস্টেশনে থাকবেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। এদিকে পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানসহ সার্বিক কার্যক্রম পরিদর্শনে শুক্রবার রেলস্টেশনে যান মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম দেখেন এবং রেল বিভাগের কর্মকর্তাদের পরামর্শ দেন। এসময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 রেল বিভাগ সূত্রে জানা গেছে, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় ৫৯৩ কিলোমিটার রেলপথে দ্রুতগতির এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ছেড়ে ১০ ঘন্টায় ঢাকায় পৌঁছাবে। যাত্রাপথে রুহিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবর্তীপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেনটি থামবে। ঢাকা থেকে আসার পথেও এসব স্টেশনে থামবে। সবমিলে প্রায় এক হাজার যাত্রী পরিবহন করবে ট্রেনটি।