পটুয়াখালীতে ডায়রিয়ায় এক মাসে আক্রান্ত সাড়ে ৬শ’

পটুয়াখালী জেলার সর্বত্র ডায়রিয়ার ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে। গত একমাসে সরকারি হিসাবেই জেলায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬৬ জন। প্রকৃতপক্ষে আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি। ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতালে গত রবিবার একদিনে ২৪ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত গত একমাসে তারা জেলায় ৬৬৬ জন ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা রেকর্ড করেছেন। এরমধ্যে আক্রান্তের সংখ্যা বেশি। কলাপাড়া উপজেলায় ১৫৩ জন ও দশমিনা উপজেলায় ১২৮ জন। এছাড়া গলাচিপায় ৬৮ জন, বাউফলে ৫৮ জন, মির্জাগঞ্জে ৫৫ জন, দুমকিতে ৭ জন ও পটুয়াখালী হাসপাতালে ১৯৫ জন রোগীকে চিকিত্সা দেয়া হয়েছে। এ ব্যাপারে সিভিল সার্জন ডা. নওশের আলী জানান, এ সময় এমনিতেই গ্রীষ্মকালীন ডায়রিয়া দেখা দেয়। প্রচন্ড তাপদাহে শরীরে পানি শূন্যতা দেখা দেয়। বিশুদ্ধ পানি পান না করায় ও খাবারের কারণে এর প্রকোপ বৃদ্ধি পায়। তবে এ পর্যন্ত কোথাও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ডায়রিয়া রোগী চিকিত্সার জন্য জেলায় ১১০টি মেডিক্যাল টিম কাজ করছে। প্রয়োজনীয় খাবার স্যালাইন ও আইভি স্যালাইনসহ সকল ওষুধের পর্যাপ্ত মজুদ রয়েছে তাদের কাছে।