সোনাইমুড়ীতে পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ

জেলার সোনাইমুড়ী উপজেলা সদরে গতকাল সোমবার পুলিশের সাথে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘষের্র ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের প্রায় দেড়শ নেতাকর্মী কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপে কমপক্ষে ৫ জন আহত হয়। এক পর্যায়ে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ ৭ জন জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করে। ওসি মো:আবদুল সামাদ জানান, পুলিশের উপর হামলা ও কর্তব্য কাজে বাধা প্রদান করায় গ্রেফতারকৃতসহ অজ্ঞাত আরো দেড়শ জনের বিরুদ্ধে এসআই মোঃ ইয়াসিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলা উদ্দিন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, শান্তিপূর্ণ দলীয় কর্মসূচিতে অন্যায়ভাবে পুলিশ বাধা দেয় এবং কর্মীদের গ্রেফতার করে। তিনি গ্রেফতারকৃত কর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান। এদিকে জেলা শহর মাইজদীর দত্তের হাটে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা গতকাল সকালে ঝটিকা মিছিল বের করে।