শেরপুর প্রতিনিধি
তিন বছর ধরে ড্রাইভার নেই অথচ গত ৩ মে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে নতুন করে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। নতুন অ্যাম্বুলেন্সটি বর্তমানে হাসপাতালের গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় ঠাঁই নিয়েছে। অপরদিকে ২০১০ সালে দেওয়া অ্যাম্বুলেন্সটি মেরামতের অভাবে হাসপাতাল চত্বরেই পড়ে রয়েছে।
জানা গেছে, এ অ্যাম্বুলেন্সটি মেরামতের জন্যে লক্ষাধিক টাকার যন্ত্রাংশের প্রয়োজন। এ ছাড়া ১৯৯৪ সালে দেওয়া অ্যাম্বুলেন্সটিও দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে প্রায় বিনষ্টের পথে।
এ বিষয়ে অনুসন্ধানে জানা গেছে, ২০১৬ সালে ঝিনাইগাতী হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মোফাজ্জল হককে অবসর দেওয়া হয়। এরপর আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
শেরপুরের সিভিল সার্জন মো. রেজাউল করিম জানান, বর্তমানে সরকারিভাবে ড্রাইভার নিয়োগ বন্ধ রয়েছে। তাই চালক পাওয়া যাচ্ছে না। ২০১০ সালের অ্যাম্বুলেন্সটি মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে আউটসোর্সিং-এর মাধ্যমে অস্থায়ীভাবে চালক নিয়োগ দিয়ে অ্যাম্বুলেন্স চালনা করা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে।