চসিক শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়াবে

চলমান এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়া কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মান বজায় রাখার লক্ষ্যে ওয়ার্ড কাউন্সিলরদেরকে নিয়মিত তদারকির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তাকে প্রতিদিন কমপক্ষে ২টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করার নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার কর্পোরেশনের শিক্ষা বিভাগের উপর অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে এ নির্দেশ দেন সিটি মেয়র এম মনজুর আলম। মেয়রের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন স্কুলের সুযোগ-সুবিধাসমূহ পর্যালোচনা করা হয়। আসবাবপত্র, ফ্যান, আলোবাতি, বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান ভবনের হালচাল, স্কুল ও কলেজ পরিচালনা কমিটিগুলোর তত্পরতা, ছাত্র-ছাত্রীদের জীবন মান ইত্যাদি বিষয়গুলো খতিয়ে দেখা হয়।