হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় শুক্রবার সকালে অপহরণ থেকে রক্ষা পেয়েছে দুই শিশু। এরা হলো ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের মো. সেলিমের মেয়ে সেলিনা আক্তার (৯) ও আরমান মোল্লার মেয়ে রিয়ামণি (৬)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রিয়ামণি তার মা বেবি আক্তারের সঙ্গে নানাবাড়ি উপজেলার নালাদক্ষিণ গ্রামে বেড়াতে আসে। এ সময় তাদের সঙ্গে তার ফুফাতো বোন সেলিনাও আসে। ঘটনার সময় তারা বাড়ির আঙিনার এক পাশের টয়লেটে টয়লেট সেরে বের হলে অপরিচিত এক যুবক তাদেরকে ফুসলিয়ে উপজেলার রামপুর কবরস্থান সংলগ্ন জমি দিয়ে হোমনা-দুলালপুর সড়কের দিকে নিয়ে আসছিল। এ সময় তারা কান্নাকাটি করছিল। পাশ দিয়ে হেঁটে যাওয়া সুমি আক্তার তাদের কাছে গেলে অপরিচিত যুবক দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
উদ্ধারকারী সুমি আক্তার জানান, ওই দুই শিশুর কান্না শুনে কাছে যেতেই সঙ্গের ছেলেটি পালিয়ে যায়। পরে তাদের রামপুর গ্রামে নিয়ে গ্রামের গণ্যমান্যদেরকে জানিয়ে ইউপি সদস্য ফারুকের কাছে দিয়ে যাই, যাতে তিনি নালাদক্ষিণ তাদের নানাবাড়িতে পৌঁছে দেন।
ইউপি সদস্য ফারুক জানান, তাদের মা ও ফুফুকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই ওই দুই শিশুকে তাদের কাছে দিয়ে দেওয়া হবে।
হোমনা থানার ওসি (তদন্ত) কাজী নাজমুল ইসলাম বলেন, শিশুদের স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলে ঘাগুটিয়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ও ফারুক মেম্বার তাদের স্বজনদের কাছে বাচ্চাদেরকে দিয়ে দেবে।