আদিতমারীর হাটবাজারে খাজনা আদায়ে অনিয়ম

৫ টাকার খাজনা ৪০ টাকা আদিতমারীতে নিয়মনীতি না মেনে প্রতিমণ তামাকের সরকারি খাজনা ৫ টাকার পরিবর্তে ইজারাদার আদায় করছেন ৪০ টাকা। এমনকি উপজেলা সদরের বুড়িরহাটে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আদায় করা হচ্ছে এ খাজনা। এসব অনিয়মের বিষয় ইউএনওকে একাধিকবার জানিয়েও কোন সুরাহা হচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। জানা গেছে, ১৪২১ সালের জন্য সরকারিভাবে উপজেলার হাটবাজার ইজারা নেয়ার পর কতিপয় অসাধু ইজারাদার নিয়মনীতি না মেনে আদায় করছেন অতিরিক্ত খাজনা। এমনকি একপক্ষের নিকট থেকে খাজনা আদায়ের নিয়ম থাকলেও এসব মানছেন না কোন ইজারাদার। আবার অনেকেই নতুন বছরের শুরুতেই বাড়িয়েছেন খাজনা আদায়ের হার। সরেজমিন উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুষ্টারির হাট ঘুরে দেখা গেছে, প্রতিমণ তামাকে ৫ টাকা খাজনা আদায়ের নিয়ম থাকলেও আদায় করা হচ্ছে ৪০ টাকা করে। এসব বিষয় নিয়ে ক্রেতা ও ইজারাদারের মধ্যে কথাকাটাকাটি হলেও বাধ্য হয়ে দিতে হচ্ছে অতিরিক্ত খাজনা। আবার কেউ এ অনিয়মের প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নানা হয়রানি।