বাগেরহাট হাসপাতালে চিকিত্সক সংকট
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২২:০৪
ডায়রিয়া আক্রান্ত শিশুদের ভোগান্তি চরমে
বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত চার দিনে বাগেরহাট সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ৬৬ জন রোগী চিকিত্সা নিয়েছেন। এদের মধ্যে ২৮ জন শিশু। কিন্তু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ পদটি শূন্য থাকায় আক্রান্তরা যথাযথ চিকিত্সা পাচ্ছে না। একশ’ শয্যার বাগেরহাট সদর হাসপাতালে সংক্রামক ব্যাধি (আইডি) বিভাগে ডায়রিয়া রোগীদের জন্য মোট ১৬টি শয্যা রয়েছে। এর মধ্যে ১২টি নির্ধারিত আছে শিশুদের জন্য। কিন্তু বর্তমানে রোগী বেড়ে যাওয়ায় বিভাগের বারান্দা ও মেঝেতেও রোগীদের থাকতে হচ্ছে।
গত শনিবার ওই ওয়ার্ডের দায়িত্বরত জ্যেষ্ঠ স্টাফ নার্স কৃষ্ণা রায় জানান, গত চার দিনে এখানে ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৮ জন শিশু। এখানে ভর্তি শিশু সাদিয়ার মা জ্যোত্স্না বেগম বলেন, ‘শুক্রবার বিকেলে বাচ্চাকে এখানে ভর্তি করেছি। কিন্তু শনিবার বেলা ১১টা পর্যন্ত কোন চিকিত্সক মেয়েকে দেখতে আসেননি। মেয়ের অবস্থারও কোন পরিবর্তন হয়নি।’
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা:মঈন উদ্দিন মোল্লা বলেন, ‘তীব্র গরমের কারণে ডায়রিয়া আক্রান্ত রোগী সাময়িকভাবে বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে। তবে হাসপাতালে শিশু বিশেষজ্ঞসহ চিকিত্সকদের বেশ কিছু পদ শূন্য থাকায় সার্বিক চিকিত্সা কিছুটা ব্যাহত হচ্ছে।