রূপগঞ্জে ডিবি পরিচয়ের দুই ছিনতাইকারীকে গণপিটুনি

ওয়্যারলেস ও হ্যান্ডক্যাপ উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে সাইফুল ইসলাম মীর নামে এক চাল ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইকালে দু’জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এছাড়া বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহূত মাইক্রোবাস ভাংচুর করে। পুলিশ ছিনতাইকারীদের ব্যবহূত একটি ওয়্যারলেস ও হ্যান্ডকাপ উদ্ধার করে। সোমবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় ঘটে এ ঘটনা। গণপিটুনির শিকার ছিনতাইকারীরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার শ্রীপুর এলাকার ফজলুর রহমানের ছেলে আব্দুল হেকিম ও শরীয়তপুর জেলার সদর থানার কোয়ালপুর এলাকার এইচ এম বারেকের ছেলে রাসেল মিয়া। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী সাইফুল ইসলাম মীর ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে একটি সাদা মাইক্রোবাসযোগে ৫ জন ছিনতাইকারী এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। এসময় ব্যবসায়ী সাইফুল ইসলাম মীরের সঙ্গে থাকা সাড়ে ৪ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তার চিত্কারে স্থানীয় জনতা ধাওয়া করে ওই দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।