বান্দরবানে রহস্যজনকভাবে এনজিও কর্মকর্তা নিখোঁজ

পার্বত্য জেলা বান্দরবানে আদিবাসীদের জীবনযাত্রার ওপর গবেষণা (পিএইচডি) করতে গিয়ে শামীম মাহফুজ নামের এক এনজিও কর্মকর্তা গত ৮দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। শামীম মাহফুজ কক্সবাজারের চকরিয়া উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোস্যাল এ্যাসিসটেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি)’র ডকুমেন্টেশন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার কলেজ পাড়া গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. নাছির বলেন, এনজিও সংস্থার অপরাপর কর্মকর্তা ও পরিবারের সদস্যরা ঘটনাটি তাকে জানিয়েছেন। ওই এনজিও কর্মকর্তা গবেষণার কাজে বান্দরবানে গিয়ে নিখোঁজ হয়েছেন। তিনি বলেন, নিখোঁজ ওই কর্মকর্তার সন্ধানে জেলা পুলিশ সুপারের সহায়তায় চাওয়া হয়েছে। ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তার সন্ধানে অভিযানে নেমেছেন। চাটখিলে যুবলীগ কর্মী অপহূত চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর চাটখিল উপজেলার মাদবপুর গ্রামের যুবলীগ কর্মী চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে মোসলেহ উদ্দিন বাচ্চু (৩৫) গত শনিবার রাতে চাটখিল থেকে মাইক্রোবাসযোগে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের পশ্চিম পাশ থেকে র্যাব পরিচয়দানকারী ৮/১০ জন সদস্যরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অবশ্য র্যাব বাচ্চুকে অপহরণ কিংবা আটকের কথা অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনার প্রতিবাদে যুবলীগ কর্মীরা গত রবিবার দুপুরে উপজেলার খিলপাড়া ধর্মপুর, শাহাপুর, সোমপাড়া, মল্লিকা দিঘীরপাড় এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে। বাচ্চুর স্ত্রী মু্ন্নী বেগম ও মা নাসিমা বেগম বাচ্চুকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন ।