বৈরী আবহাওয়ায় বিঘ্ন ধান কাটা-মাড়াইয়ের কাজ কৃষক বিপাকে

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরী উপজেলায় চলছে বোরো ধান কাটা-মাড়াইয়ের ভরা মৌসুম। দিনরাত একাজেই ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক-কৃষাণি। বিঘ্ন ঘটাচ্ছে বৈরী আবহাওয়া। জ্যৈষ্ঠের প্রথমার্ধে গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন রাত ও দিনে বৃষ্টি হচ্ছে একটানা কয়েক ঘন্টা ধরে। কখনো সারাদিনেই চলে অবিরাম বৃষ্টি। এ অবস্থায় জমি থেকে কেটে আনা ধান ও সদ্য ছড়ানো ধান রক্ষায় বৃষ্টিহীন আকাশ ও রোদের অপেক্ষায় বসে পড়েন কৃষক। একটু রোদের ঝিলিক পেলেই মনে দম ফেরে তাদের।

আবারো ব্যস্ত হয়ে পড়েন। একটানা ভেজা থেকে নরম হয়ে যাওয়া মাটিতে ধানের তুষ ছিটিয়ে সারেন মাড়াই ও শুকানোর কাজ। অনেকেই আকাশের দিকে তাকিয়ে পাকা ধান জমি থেকে কেটে বাড়ি আনার সাহস পাচ্ছেন না। অন্যদিকে ঝড়ো-বৃষ্টিসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষেতেই ধান ঝরে পড়তে পারে এ নিয়ে শঙ্কিত কৃষক। বৈরী আবহাওয়ার কারণে ধান নিয়ে বিপাকে রয়েছেন সমগ্র উপজেলার কৃষক।