মঞ্জুর হত্যার তদন্ত প্রতিবেদন জমা হচ্ছে না আজ
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২৩:০৪
আজ মঙ্গলবার জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারছেন না সিআইডি। দুই মাস আগে তদন্তে ত্রুটি আছে উল্লেখ করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মাহমুদ ফিরোজ। কিন্তু তদন্তে কোন অগ্রগতি হয়নি। এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো) আব্দুল কাহহার আকন্দ গতকাল রাতে ইত্তেফাককে বলেন, তদন্ত শেষ করতে আমাদের আরো অনেক সময় লাগবে। তবে কবে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবেন এ ব্যাপারে সুনিদ্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি বলেছেন, আদালতের কাছে আমরা সময় দেয়ার আবেদন করব।
জেনারেল মঞ্জুরকে হত্যার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা হয়। মামলাটি করেন তার ভাই ব্যারিস্টার আবুল মনসুর আহমেদ। ১৯ বছর ধরে মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক বার এ মামলার বিচারক বদল হয়েছেন। ১৯ বছরে পরিবর্তন হয়েছেন ২৩ জন বিচারক। সর্বশেষ রায়ের দিন কয়েক আগে আকস্মিকভাবে বদল হয়ে যান বিচারক হোসনে আরা। ঢাকা জেলা ও দায়রা জজ প্রশাসনিক আদেশ দিয়ে বিচারক বদল করেন। এ মামলার মূল আসামি সাবেক সেনা শাসক ও বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯৮১ সালে তত্কালীন সেনাপ্রধান এরশাদের পরিকল্পনা ও নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুরকে হত্যা করা হয়। মোট আসামি ৫ জন। এর মধ্যে দুই আসামি মেজর জেনারেল (অব.) আব্দুল লতিফ ও লে. কর্নেল (অব.) শামসুর রহমান শামসের বিচার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। কিন্তু স্থগিতাদেশ প্রত্যাহার এবং রুল নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষের কোন উদ্যোগ নেই। গত ২৭ ফেব্রুয়ারি বিচারক হাসান মাহমুদ ফিরোজ এই দুজনের স্থগিতাদেশের বিষয়ে সর্বশেষ অবস্থা আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেন।