সংবাদ সংক্ষেপ

 

 

ত্রিশালে কবি নজরুলের নামে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবি

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা কবি নজরুলের বাল্য ও কৈশোর স্মৃতি বিজড়িত ত্রিশালে কবির নামে সরকারিভাবে কবি নজরুল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছে কবি নজরুল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বাস্তবায়ন পরিষদ। ত্রিশালবাসী তাদের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করে আলোচনা সভা, পোস্টারিং, বিভিন্ন সংবাদপত্রে লেখালেখিসহ নানাবিধ কর্মসূচি পালন করেছে।  এ ব্যাপারে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ত্রিশালে কবি নজরুলের নামে মেডিক্যাল কলেজ স্থাপনের দাবি ত্রিশালবাসীর দীর্ঘ দিনের।

গৃহবধূ শাহীনুর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবি

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা শহরের সাতপাই রেল কলোনির গৃহবধূ শাহীনুর আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রেল কলোনির ক্ষুব্ধ নারী-পুরুষ শহরের বড় স্টেশনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আসামিদের গ্রেফতারের জোর দাবি জানায়।

ফলপ্রসূ যোগাযোগ, সুযোগ-সুবিধা প্রাপ্তি বিষয়ক কর্মশালা

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি মিলনায়তনে বৃহস্পতিবার ‘‘ফলপ্রসূ যোগাযোগ, সুযোগ-সুবিধা” প্রাপ্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা কর্মশালার উদ্বোধন করেন। বক্তব্য রাখেন, কৃষি অফিসের সৌহার্দ্য দারিং, মোঃ সবুজ মিয়া, নেত্রকোণা এপিসি মানস বিশ্বাস।

পাইকগাছায় ধান-চাল সংগ্রহ ও অভিযানের উদ্বোধন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় বোরো চাল ও ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ প্রমুখ।

নারী ও কন্যা শিশুর সুরক্ষায় প্রকল্পের অবহিতকরণ সভা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারী এবং শিশু সুরক্ষা সম্পর্কিত স্বেচ্ছাসেবী সংস্থা পল্লীশ্রীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি হয়। পল্লীশ্রী-নীলফামারীর আয়োজনে সভাটির ব্যবস্থাপনায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন। সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া।

নার্সারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা পত্নীতলা উপজেলা থেকে মিন্টু নামে এক নার্সারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নিরমইল ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মিন্টু শ্যামপুর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে নিহতের মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।