সবচেয়ে বেশি ‘না’ ভোট পেয়েছেন নরেন্দ্র মোদী!
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২৩:০৬
ভারত জুড়ে মোদী-হাওয়া বইছে। সমস্ত জনমত জরিপে বিজেপি জোটের জয়জয়কার। প্রধানমন্ত্রীর আসনে বসার জন্য তৈরী হয়ে আছেন মোদী। দিল্লিতে ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে মোদী নীতিতে পরিবর্তন আনার প্রস্তুতি নিয়ে ফেলেছে ওয়াশিংটন। বিজেপি সমর্থকরা দাবি করছেন, জনপ্রিয়তার তুঙ্গে পৌছে গেছেন মোদী।
কিন্তু সত্যিই কি তাই? বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন প্রতিবছরের মতো এবারো বর্ষসেরা প্রভাবশালী ১০০ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য যে অনলাইন জরিপের আয়োজন করেছে সেই জরিপ বলছে উল্টো কথা। জরিপে দেখা গেছে, সবচে বেশি মানুষ অপছন্দ করেন নরেন্দ্র মোদীকে! তাকেই সবচে বেশি ‘না’ ভোট দিয়ে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। তার বিপরীতে ভারতের আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সবচে বেশি ‘হ্যাঁ’ ভোট পেয়েছেন।
অনলাইন ভোটারদের কাছে একজন ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরার পর প্রশ্ন করা হয়েছে, ‘এঁকে কি টাইমের ১০০ সেরা ব্যক্তিত্বের তালিকায় স্থান দেয়া উচিত?’ হ্যাঁ কিংবা না ভোট দেয়ার সুযোগ রাখা হয়েছে এতে। আজ ২২ এপ্রিল ভোট দেয়া শেষ হবে। ফল প্রকাশ করা হবে ২৪ এপ্রিল।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল যত বেশি মাত্রায় ‘হ্যাঁ’ ভোট পেয়েছেন নরেন্দ্র মোদী তত বেশি ‘না’ ভোট পেয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে প্রায় ৮৭ শতাংশ। এর বিপরীতে ‘না’ ভোট ছিল মাত্র ১৩ শতাংশ। ১ লাখ ৩০ হাজারের বেশি ভোট পড়েছে তার ক্ষেত্রে। তবে প্রতি মুহুর্তে ভোটারের সংখ্যা পরিবর্তন হচ্ছে। অপরদিকে, নরেন্দ্র মোদী ‘হ্যাঁ’ ভোট পেয়েছেন ৩৮ শতাংশ। এর বিপরীতে তিনি ‘না’ ভোট পেয়েছেন প্রায় ৬৫ শতাংশ! তার ক্ষেত্রে ভোট দিয়েছেন প্রায় ৭০ হাজার লোক। বারাক, ওবামা, বিল গেটস, অ্যাঙ্গেলা মার্কেলসহ আর কারো ক্ষেত্রেই এত বেশি সংখ্যায় ভোট পড়েনি। হ্যাঁ-না মিলিয়ে বারাক ওবামাকে ভোট দিয়েছেন মাত্র ৭ হাজার লোক।