রাহুলকে ভণ্ড বলে আক্রমণ মোদীর

লোকসভা নির্বাচন যতই শেষের দিকে যাচ্ছে ততই কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে কঠোর ভাষায় আক্রমণ করছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী। এতদিন রাহুলকে ‘শাহজাদা’ বলে ব্যঙ্গ করলেও এবার তিনি তাকে ‘ভন্ড’ বলে কটাক্ষ করলেন। ভারতের জন্য কিছু করার রাহুলের ক্ষমতা নেই বলেও উল্লেখ করেন মোদী। তিনি বলেন, গরীব ও দলিতদের প্রতি সোনিয়াপুত্র যে দরদ দেখান তা স্রেফ লোকদেখানো। মোদী বলেন, পত্রপত্রিকায় প্রায়শই ছবি দেখা যায়, রাহুল গরীবদের বাড়িতে গিয়ে তাদের সাথে মিশে গেছেন। আসল ঘটনা হলো, পর্যটকরা যেমন আগ্রার তাজমহল দেখতে যান, রাহুল তেমনি তাজমহল দেখার মতো গরীব দেখতে যান। দরদ-টরদ কিছু না। ওসব ভন্ডামি। তাদের জন্য রাহুল কিছু করার চেষ্টা করেছেন এমন নজির নেই। মোদী আরো বলেন, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা রাহুল জানেনই না দারিদ্র্য কি জিনিস। গরীবের কষ্ট বুঝতে পারে তার (মোদী) নিজের মতো সাধারণ ঘরে জন্ম নেয়া মানুষ। ধনীরা কেবল গরীব ‘দেখতে’ যায় বলে উল্লেখ করেন মোদী।