প্লেনের চাকায় পাঁচ ঘণ্টার ভ্রমণ

প্লেনের চাকার ফাঁকে পাঁচ ঘণ্টা থাকার পরও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেল যুক্তরাষ্ট্রের ১৬ বছর বয়সী এক কিশোর। বিমানের ফ্লাইটটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াইতে পৌঁছানোর পর সন্ধান মেলে ঐ কিশোরের। হাওয়াইয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেন, রবিবার সকালে বিমানটি অবতরণের পর কর্মীদের নজরে পড়ে কিশোরটি। তাকে এফবিআই জিজ্ঞাসাবাদ করছে এবং চিকিত্সা দেয়া হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। ঐ মুখপাত্র বলেন, কিশোরটি বাড়ি থেকে পালিয়ে সান জোসে বিমান বন্দরের বেড়া পেরিয়ে বিমানে ওঠে। সে সত্যিই সৌভাগ্যবান। খবর:বিবিসি। এফবিআই’র মুখপাত্র টম সিমন সংবাদ সংস্থা এপিকে বলেন, মাউয়িতে বিমানটি অবতরণের পর কিশোরটি চাকার ফাঁক থেকে লাফিয়ে পড়ে এবং বিমানবন্দরে উদাসীনভাবে ঘোরাফেরা করতে শুরু করে। ধরার পর তার কাছ থেকে শুধু চুল আচরানোর একটি চিরুনী পাওয়া গেছে। তিনি বলেন, প্লেনটি ১২ হাজার মিটার উঁচুতে ওঠা-নামা করার পরও বরফ জমার মতো তাপমাত্রা না থাকায় সে বেঁচে গেছে। ভ্রমণের বেশিরভাগ সময় কিশোরটি অচেতন ছিলো বলে তিনি জানান। ১৯৪৭ সাল থেকে প্লেনের চাকায় করে ভ্রমণের প্রবণতা শুরু হয়। ধারণা করা হয়, এখন পর্যন্ত ১০০ জনের মতো লোক এ ধরনের চেষ্টা করেছে। যাদের তিন-চতুর্থাংশের মৃত্যু হয়েছে।