চাঁদার দাবিতে লক্ষ্মীপুরে বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন-ভাংচুর-লুট
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২৩:০৯
জেলায় চাঁদার দাবিতে হিন্দু পরিবারসহ আওয়ামী লীগ সমর্থিত ৩টি বাড়ি ও ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও আমানী লক্ষ্মীপুর গ্রামে গতকাল সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঢাকা-রায়পুর মহাসড়কে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, স্থানীয় দেওপাড়া গ্রামের হিন্দু পরিবার মতিলাল মজুমদারের বাড়িতে চাঁদার দাবিতে জিসান বাহিনীর একদল সন্ত্রাসী প্রবেশ করে এলোপাতাড়ি হামলা ও ভাংচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা মতিলাল মজুমদারের বসতঘরে ও বাড়ির পাশে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুর করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। একই সাথে ৬ লাখ টাকা চাঁদার দাবিতে মতিলাল মজুমদারকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে মুক্তিপণের টাকা পরিশোধের প্রতিশ্রুতি পাওয়ায় তিনি ছাড়া পেয়েছেন বলে ওই ব্যবসায়ীর মেয়ে শিখা রানী মজুমদার জানান।
অপরদিকে একই ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নোমান ও সদস্য মামুনের বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগ করে একই সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ভাংচুর ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ।