সংবাদ সম্মেলনে দাবি
যশোরে মামলার ফাঁদে বিএনপি’র দশ হাজারের বেশি নেতাকর্মী
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২৩:০৯
যশোর জেলা বিএনপি অভিযোগ করেছে, দশম জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে যশোরে প্রায় ৪শ’ মামলার ফাঁদে ফেলে বিএনপির দশ সহস্রাধিক নেতাকর্মীকে দিশেহারা করে ফেলা হয়েছে। ক্ষমতাসীন দলের চাঁদাবাজি ও পুলিশের হয়রানিতে বাড়িঘরে থাকতে পারছে না বিএনপির এই নেতাকর্মীরা। বিএনপির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের টার্গেট করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু দাবি করেন, রাজনৈতিক কর্মসূচি থেকে বিএনপিকে দূরে রাখতে পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। মিথ্যা মামলায় হয়রানির বন্ধের দাবিতে ২৩ এপ্রিল পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। ৩০ এপ্রিল টাউন হল ময়দানে প্রতিবাদ সমাবেশ করা হবে।