বিজেপি ক্ষমতায় এলে প্রিয়াঙ্কার স্বামীকে জেলে ভরা হবে

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় গেলে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রকে জেলে ভরার হুমকি দিলেন দলটির অন্যতম নেত্রী উমা ভারতী। তিনি অভিযোগ করে বলেন, সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্র কোনোপ্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে অঢেল অবৈধ সম্পত্তির মালিক হয়েছেন। আর এসব কিছুই সম্ভব হয়েছে তিনি কংগ্রেস পরিবারের জামাই বলে। কংগ্রেস ক্ষমতায় আছে বলে। কিন্তু কংগ্রেসের হাতে যখন ক্ষমতা থাকবে না তখন রবার্টের পরিণতি ভালো হবে না। উমা ভারতী বলেছেন, সকল রাজ্য সরকার প্রিয়াঙ্কার স্বামীর ভয়ে তটস্থ থাকে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীরাও তার জন্য চাপে থাকেন। তিনি সকল আইন ভঙ্গ করে অর্থ উপার্জন করেছেন। ভারতী বলেন, যদিও আমার দল আমার প্রতি বিরক্ত তারপরও যখন ক্ষমতায় যাব তখন জামাইবাবুকে জেলে ঢোকাবো। গতকাল সন্ধ্যায় ঝাঁসির একটি সভা থেকে সোনিয়া গান্ধীর জামাতার বিরুদ্ধে এভাবে আক্রমণ করেন উমা। তিনি আরো বলেন, এই বক্তব্যের কারণে দল ক্ষুব্ধ হলেও তিনি নিজের অবস্থানেই অনড় থাকবেন।