বাংলাদেশি বুদ্ধিপ্রতিবন্ধীকে মুজিবনগর সীমান্তে পিটিয়েছে বিএসএফ
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২৩:২৬
জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত থেকে সায়েম উদ্দীন নামের এক বুদ্ধি প্রতিবন্ধীকে পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) সদস্যরা। এসময় তার পেছনে কুকুরও লেলিয়ে দেয়া হয়। স্থানীয় লোকজন সীমান্তের ১০৭ নং পিলার এলাকা থেকে সায়েমকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শরীরের মারধরের চিহ্ন ছাড়াও কুকুরের কামড়ানোর দাগ রয়েছে বলে জানান মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী সায়েম উদ্দীন নিজের নাম উল্লেখ করে তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কালিবাড়ী এলাকায় বলে জানিয়েছে। গত রবিবার সন্ধ্যার দিকে সে সোনাপুর সীমান্ত এলাকায় প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা তাকে ধরে বেধড়ক মারপিট করে কুকুর লেলিয়ে দেয়। ওইদিন রাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে সোনাপুর গ্রামের বাঁশবাগানে আশ্রয় নেয় সায়েম। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক জানান, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হবে।