বিয়ে নাটকের অবসান!

বলিউডে এর আগে কোনো বিয়ে নিয়ে এত জল্পনা করা হয়েছে কি না সন্দেহ। রানি মুখার্জির বিয়ে নিয়ে সেই রেকর্ডটিই তৈরি হলো। গত ২১ এপ্রিল বহুল কাঙ্ক্ষিত বিয়ের কাজটি সেরেছেন তিনি। ইতালিতে অনুষ্ঠিত এই বিয়ের পরেও এখন পর্যন্ত অফিসিয়ালি আদিত্য চোপরার সাথে রানির কোনো ছবি প্রকাশ পায়নি। তাই ভারতীয় মিডিয়া অনেকটা হন্যে হয়ে এই যুগলের ছবিই খুঁজছেন। তবে খোঁজ নিয়ে জানা যায় বাঙালি ও পাঞ্জাবি দুই রীতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিকে প্রথম বলিউডে এই খবরটি প্রকাশ করেন কারিনা কাপুর। করণ জোহরের কফি উইথ করণের এই কমেন্ট শুটে কারিনা এই তথ্য ফাঁস করেন। এর আগে প্রায় ডজন খানেক বার বিভিন্ন মিডিয়ায় একাধিক বরাত দিয়ে তাদের বিয়ের তারিখ ঘোষণা করা হয়। তবে সর্বশেষ একটি পার্টিতে অভিনেতা শত্রুঘ্ন সিনহা রানি মুখার্জিকে ‘মিসেস চোপড়া’ বলে সবার সামনে সম্বোধন করে হাটে হাঁড়ি ভাঙেন। এরপরই জানা যায় রানির জুহুর ফ্ল্যাটে দীর্ঘদিন আদিত্য ও রানি একসাথেই থাকেন। অবশেষে তাদের বিয়ের এই ঘোষণায় সব গুঞ্জনের অবসান হোক এটাই প্রত্যাশা। যদিও এখনও তাদের বিয়ে নিয়ে কোনো প্রত্যক্ষ মন্তব্য পাওয়া যায়নি।