সংবাদ কণিকা

সাগরতলে ১০ বছর! ১০ বছর ধরে জীবনের সিংহভাগ সময়ই পানির নিচেই থাকছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন ডেরন বার্কপাইল। ১০ বছর আগে ফ্লোরিডা কিজ মেরিন স্যাঙ্কচুয়ারিতে ৬৩ ফুট পানির নিচে ‘অ্যাকুয়ারিয়াস আন্ডারওয়াটার ল্যাবে’ প্রথমবারের মতো আসার স্মৃতি এখনো উজ্জ্বল ডেরনের মনে। “সাধারণত ঘণ্টাখানেক, খুব বেশি হলে দুই ঘণ্টা পানিতে কাটিয়ে নৌকায় ফিরে যাওয়াই অভ্যাস আমাদের। ফলে সেদিন প্রথমেই যে কথাটি মনে হয়েছিলো, দুই সপ্তাহের জন্য সূর্যের মুখ দেখতে পাচ্ছি না আমি।”অ্যাকুয়ারিয়াসে প্রতিবার ১০ দিনের জন্য যান একেকজন গবেষক। ডেরন বলেন, পানির নিচে এর মধ্যেই প্রায় এক মাসের কাজ করে ফেলা যায়। ১৯৬০ সালে পানির নিচে প্রথম গবেষণাগারটি তৈরি করেন জ্যাকুইস কোস্তে ও তার গবেষক দল। পানির নিচের গবেষণাগারগুলো সেসময়ের পর আকারে খুব বেশি বড় হয়ে ওঠেনি। গবেষকদের খেতে হয় পালা করে, সরু পথ ধরে হাঁটাচলা করতে হয় সাবধানে। —বিবিসি মালয়েশিয়া বিমানের জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পর এর টায়ার বাস্ট হওয়ায় কুয়ালালামপুরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। সোমবার শতাধিক আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ বিমান কুয়ালালামপুর থেকে ভারতের ব্যাঙ্গালোর যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের পর এর টায়ার বাস্ট হয়। তবে বিমানটি উড্ডয়নের প্রায় ৪ ঘন্টা পর নিরাপদেই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে। এর আগে প্রাথমিক খবরে বিমানটির জরুরি অবতরণের কারণ হিসাবে এটির ল্যান্ডিং গিয়ারে সমস্যার কথা জানিয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন। জেদ্দায় নির্মিত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ভবন সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় বিশ্বের পরবর্তী সর্বোচ্চ ভবনের নির্মাণ কাজ শুরু হচ্ছে আগামী সপ্তাহে। নির্মাণ শেষে ৩ হাজার ২শ’ ৮০ ফুট বা এক কিলোমিটার উচ্চতার ‘কিংডম টাওয়ার’ ছাড়িয়ে যাবে বর্তমানের উচ্চতম ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকে। সোমবার ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকা এ খবর জানিয়েছে। বুর্জ খলিফা থেকে ৫শ’ ফুটেরও বেশি উচ্চতার কিংডম টাওয়ারের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭৮ কোটি পাউন্ড। নির্মাণে সময় লাগবে পাঁচ বছর। —বিডিনিউজ